স্কুলছাত্র শাহজামাল স্বাধীন (১৬) হত্যায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শহরের কম্পুপুর এলাকার মুসা করিম উল্ল্যাহর ছেলে ফজলে রাব্বী শিশির (১৮), লিচুতলা এলাকার আব্বাস আলীর ছেলে সাদ্দাম (১৮), শেখের ভিটা এলাকার বাদলের ছেলে জাকির হোসেন (১৯), পিলখানা এলাকার নুরুল ইসলামের ছেলে মিরান (১৮) এবং সকাল বাজার এলাকার মৃত হেলাল উদ্দীনের ছেলে সেতু (১৯)।
একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর শহরের সকাল বাজার এলাকার শাহজামাল স্বাধীনকে তার ওই পাঁচ বন্ধুর বাসার পাশে ডেকে নিয়ে প্রতিবেশী লোকজনের সামনেই ছুরিকাঘাত করে হত্যা করে। পরদিন স্বাধীনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল বাছেদ আট জনের নামে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১০ সাক্ষীর সাক্ষ্য-গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান সিকদার গতকাল পাঁচ আসামির মৃত্যুদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল কাশেম তারা। এদিকে নিহত স্বাধীনের বাবা-মা রায়ের প্রতিক্রিয়ায় জানান, রায়ে তারা সন্তুষ্ট। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।