দাগনভূঞায় অটোরিকশায় আগুন, চালকসহ দগ্ধ ৪



ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশার পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ চারজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারের পাশে কুমার পোল এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- যাত্রী মাইন উদ্দিন, সাদ্দাম হোসেন, মানিক মজুমদার ও চালক শাহজাহান পিন্টু।
এদের মধ্যে মাইন উদ্দিন (২৮) ও সাদ্দাম হোসেনকে (২৬) আশংকাজনক অবস্থায় প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-বসুরহাট সড়ক দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দাগনভূঞা বাজার থেকে বসুরহাট যাচ্ছিল। অটোরিকশাটি দুধমুখা বাজারের পাশে কুমার পোল এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা পেট্রোল পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়। এতে চালকসহ চারজন অগ্নিদগ্ধ হয়।
ফেনী জেলা সদর হাসপাতালের ডাঃ আজিজ উল্লাহ জানান, অগ্নিদগ্ধ মাইন উদ্দিন ও সাদ্দাম হোসেনের মুখমন্ডল ও কন্ঠনালির ক্ষতি হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।