রাজধানীতে ১৩০টি ককটেলসহ শিবিরের ৫ নেতাকর্মী আটক

রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে শতাধিক ককটেল, গান পাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে মহাখালীর টিবি গেইট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বনানী থানার শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিট সদস্য জয়নাল আবেদীন, আতিয়ার রহমান, আরিফুজ্জামান আরিফ এবং খালিদ সাইফুল্লাহ। এদের সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নরুল আলম জানান, বুধবার ভোর ৪টার দিকে মহাখালীর টিবি গেইট এলাকার চ-১৩৩/১ নং বাসার ২য় তলায় অবস্থিত একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ১৩০টি ককটেল, ২ কেজি গান পাউডার, ২ লিটার পেট্রোল, ১০ কেজি পাথরের নুড়ি ও ৩ কেজি তারকাঁটা ও বোমা তৈরির অন্যান্য রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করা হয়।