আন্দোলন দমানোর জন্য গুম-গুপ্তহত্যার লাইন্সেস: রিজভী

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির আন্দোলনকে দমানোর জন্য সরকারি বাহিনীগুলোকে মানবতাবিরোধী গুম ও গুপ্তহত্যার অবাধ লাইসেন্স দেয়া হয়েছে। দেশকে হত্যা ও মহামারীর দেশে পরিণত করার জন্য অবৈধ সরকার পোড়ামাটি নীতি অবলম্বন করছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই  অভিযোগ করেন।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের বেপরোয়া ক্যাডারদের ভয়াল তাণ্ডবে দেশবাসী বিমূঢ়, হতভম্ব ও আতঙ্কিত।
রিজভী বলেন, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের সময় বিরোধী দলের নেতা-কর্মীদেরকে বাসা থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে চিরদিনের জন্য গায়েব করেছে। কয়েকদিন পর তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা গেছে। বর্তমান চলমান আন্দোলনে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
রিজভী বলেন, গত সোমবার রাতে রাজধানীতে সরকারের গোয়েন্দা বাহিনী ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করে।
আওয়ামী লীগ যা বলে এবং প্রচার চালায় ঠিক তার উল্টোটাই জনগণ বিশ্বাস করে দাবি করে রিজভী বলেন, জনগণের দাবি হচ্ছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করা। বর্তমান সংকট নিরসন করতে হলে সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে হবে।