আগামী ২৫ জানুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। নিরাপত্তা নিয়ে যারপরনাই তোড়জোড় চলার পর প্রেসিডেন্ট পত্নীর মন জয়ের রাস্তা নিয়েছে ভারত সরকার। তাই হয়তো উপহার হিসাবে মিশেল ওবামার হাতে ১০০টি সিল্কের শাড়ি তুলে দিতে চলেছেন প্রধানমন্ত্রী৷ খবর-ইন্ডিয়া টুডের।
সিল্ক শাড়ির প্রতি মিশেলের দুর্বলতার কথা সবাই জানে। এর আগে একাধিক অনুষ্ঠানে তাকে এই ধরনের শাড়িতে দেখা গেছে। তাই তার শাড়ির প্রতি দুর্বলতার কথা মাথায় রেখেই ফার্স্ট লেডিকে ভারতের বিখ্যাত ১০০টি শাড়ি উপহার হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফার্স্ট লেডির জন্য সবচেয়ে ভাল মানের শাড়ি বাছাই করার জন্য সরকারের বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার শাড়ির জন্য ভারতের যে শহর সবচেয়ে বিখ্যাত সেই বারানসির বস্ত্র ব্যবসায়ী সঙ্ঘকে অনুরোধ জানানো হয়েছে। শাড়ি বাছাই হওয়ার পর ইতিমধ্যে তা দিল্লিত উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজেপির একজন নেতা। সূত্র: ইন্ডিয়া টুডে