বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগে ঘোষিত ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার রাজধানীতে জনজীবন ছিল স্বাভাবিক। অন্য দিনের মতোই চলাচল করছে যানবাহন। হরতাল ও অবরোধ চলাকালে রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন জানান, ‘আটক শিবির নেতা-কর্মীরা রাজধানীতে বুধবারের হরতালে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছিল। এ ছাড়া, বিকালে লালবাগ এলাকায় বোমা তৈরিকালে বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন আহত হয়েছে।
বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে শিক্ষকদের পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
রাজধানীতে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলে। সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। অবরোধে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল করেনি বললেই চলে।
পুলিশ জানিয়েছে—বৃহস্পতিবার হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্তা নেয়া হয়। রাজধানীর বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন থাকতে দেখা গেছে। এ দিকে, অবরোধকারীদের নাশকতা মোকাবিলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে।