ঢাবিতে শিবির সন্দেহে ৫ জনকে মারধর করে থানায় সোর্পদ

শিবির কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক  হলের পাঁচ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে শাহবাগ থানায় সোর্পদ করেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার বিকালে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ঐ ছাত্রদের মধ্যে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইকরামুল হক, আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু তালেব, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বদরুল আলম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থবর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত।
জানা যায়, বিকালে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদেরকে হলের হলের গেস্ট রুমে নিয়ে এসে মারধর করে। পরে শাহবাগ থানার পুলিশের কাছে সোর্পদ করে। পুলিশের হেফাজতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ জানান, ছাত্রলীগের নেতাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত আছে বলে স্বীকার করেছে। বর্তমানে তারা থানায় রয়েছে। পরে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।