নওহাটা পৌরসভার মেয়র ১৭ দিন নিখোঁজ

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পৌরসভার কাজে ঢাকায় গিয়ে তিনি আর ফিরে আসেননি।
বুধবার মেয়রের ছেলে ফয়সাল আহমেদ রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মঙ্গলবার রাতে মেয়র গফুরের স্ত্রী ফজিলাতুন নেসা পারুল পবা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি মেয়র আবদুল গফুর পৌরসভার কাজে ঢাকায় যাবার কথা বলে বাড়ি  থেকে বের হন। ঢাকায় পৌঁছানোর পর তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন।
গত ১৬ জানুয়ারি তার বাড়ি ফিরে আসার কথা ছিলো। কিন্তু গত ৫ জানুয়ারির পর পরিবারের লোকজনের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ওইদিন থেকে তার মোবাইলে কল করলেও কেউ রিসিভ করেনি।
গত সোমবার আবারো কল করা হলে এর কিছুক্ষণের মধ্যে মেয়রের ফোন নম্বর থেকে একটি এসএমএস আসে। তাতে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তার স্ত্রী থানায় জিডি করেন।
এদিকে গফুরের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, ‘গত ১ জানুয়ারি পৌরসভার কাজে বাবা ঢাকায় যান। ওইদিনই তার সাথে আমার সর্বশেষ কথা হয়। তারপর এসএমএস এর মাধ্যমে যোগাযোগ হয়েছিল। এরপর ১৬ জানুয়ারি বাবার মোবাইল ফোন থেকে এসএমএস করে ৫০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলা হয়। কিন্তু এখন তার ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আমি বাবাকে খুঁজতে ঢাকায় রয়েছি। এখানে প্রশাসনের সাথে কথা বলছি।’  
এ ব্যাপারে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত ১৯ জানুয়ারি সোমবার পর্যন্ত মেয়রের মোবাইলের লোকেশন পাওয়া যাচ্ছে। এরমধ্যে তিনি পার্শ্ববর্তী নওগাঁয় অবস্থান করছিলেন।
মঙ্গলবার  থেকে তার কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।