বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে ককটেল, আত্মরক্ষায় গুলি

জেলা শহরের কলোনীতে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়ত-শিবির কর্মীরা। পুলিশও পাল্টা গুলি  ছুড়েছে । তবে কেউ হতাহত হয়নি । প্রায় একই সময়ে বুধবার সন্ধ্যায় বগুড়া সদর থানার সামনে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ থানামোড় এলাকা থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
বগুড়ায় বৃহস্পতিবার সকাল থেকে ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত-শিবির কর্মিরা শহরের কলোনী এলাকায় মিছিল বের করে। এসময় পুলিশ  মিছিলকারীদের ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মিরা পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও পাল্টা কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায় ।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর থানার সামনে পরপর ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা । এতে এক পথচারি আহতন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার  জানান, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কলোনী এলাকায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২ রাউন্ড সর্টগানের গুলি ছুড়েছে।