বিশেষ নিরাপত্তায় ঢাকাগামী গাড়ি বহরেও হামলা

রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকাগামী গাড়ির বহরে পেট্রোল বোমা ও ককটেল হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা।
বুধবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের এই ঘটনায় বহরের একটি ট্রাকের সামনের অংশ পেট্রোল বোমার আগুনে পুড়ে যায় এবং হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এছাড়া একটি ট্রাকের সামনের কাঁচ ভেঙ্গে যায়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রায় অর্ধশত গাড়ির বহর ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে পেট্রোল বোমা ও ককটেল হামলা চালায় অবরোধ সমর্থকরা। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমায় ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেলে অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবির পাহারায় গাড়িগুলো পার করে দেয়া হয়েছে।