চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল, আহত ৩ঢাবিতে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাসহ আহত চার

গতকাল বুধবার সন্ধ্যার পর চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিন কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তা, ছাত্রলীগ নেতাসহ ৪ জন আহত হয়েছেন। 

চট্টগ্রাম অফিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পুরাতন চান্দগাঁও থানার পাশে রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ইত্তেফাককে জানান, কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় তিন পুলিশ কনস্টেবল টহলরত অবস্থায় ছিলেন। এসময় রাস্তার বিপরীত দিকের গলি থেকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন ফরিদউদ্দিন, রমিজউদ্দিন ও রিপন। এর আগে বহদ্দারহাট খাজা রোডের মুখে লোহার রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া চট্টগ্রাম বন্দর এলাকার এছাক ডিপোর সামনে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে চারটি এবং মিলন চত্বরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক গোলাম বাকি চৌধুরী (২৮), নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র মো. ওয়াসিম (২৪),  অগ্রণী ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র অফিসার জাকির হোসেন (৩০) ও মিরপুর শেওড়াপাড়া অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রাসেল আলম (৩১) আহত হন। বিস্ফোরণে ওয়াসিমের বাম গাল, জাকিরের হাত ও দুই পা এবং রাসেলের বাম হাঁটু ঝলসে যায়। এ ঘটনায় কেউ আটক হয়নি। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে।

বগুড়া প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সদর থানার সামনে পরপর ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ থানামোড় এলাকা থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়া একই সময় শহরের কলোনীতে পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। এসময় পুলিশও পাল্টা গুলি  ছুঁড়েছে। তবে কেউ হতাহত হয়নি। সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার  ঘটনার সত্যতা স্বীকার করেছেন।