শিল্পপতি হওয়ার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, ফের বোঝালো সিলিকন ভ্যালি। জন্মসূত্রে বাঙালি এবং ক্যালিফোর্নিয়ার কিশোর শুভম বন্দ্যোপাধ্যায়ের (১৩) কৃতিত্বে তাজ্জব গোটা দুনিয়া। অষ্টম শ্রেণীতেই শুভম একটা কোম্পানির মালিক যার নাম ব্রেইগো ল্যাবস।
দৃষ্টিহীনদের জন্য অল্প খরচে রোবটচালিত ব্রেইল মুদ্রণযন্ত্রই তৈরি হবে শুভমের কারখানা থেকে। বিনিয়োগের হাত বাড়িয়ে ইতোমধ্যেই এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির প্রযুক্তি বিষয়ক সংস্থা ইনটেল করপোরেশন। শুভমের চোখে তাই ঘুম নেই, শুধুই এগিয়ে যাওয়ার স্বপ্ন। একই সঙ্গে চলছে স্কুলের পড়া আর কোম্পানির দেখভাল। বছর খানেক আগে শুভম তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, দৃষ্টিহীনরা পড়ে কিভাবে? বাবার উত্তর ছিল, ইন্টারনেট খুঁজলে উত্তর পাবে। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে শুভম জানতে পারে ব্রেইল মেশিনের দাম দুই হাজার ডলারের মতো। আর এরপর সস্তা মেশিন তৈরির চিন্তা মাথায় আসে শুভমের এবং সেই চেষ্টায় মেশিনও বানিয়ে ফেলে শুভম যা কোনোভাবেই সাড়ে তিনশ’ ডলারের বেশি দাম হবে না। মাস চারেক আগে ৩৫ হাজার ডলার পুঁজি নিয়ে কোম্পানি শুরু করে শুভম। -আনন্দবাজার পত্রিকা