২৪ জানুয়ারির মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ। বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদক ইনসুর আলী এই ঘোষণা দেন।
ইনসুর আলী বলেছেন, আগামী ২৪ জানুয়ারির মধ্যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করলে ২৫ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।
এর আগে শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ আরো কয়েকটি সংগঠন সকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে যায়। কিন্তু পুলিশ বাধা দেয়ায় তারা গুলশান-২ এর গোলচত্বরে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন ও খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে জাতীয় প্রেসক্লাব থেকে গাড়ি চালকরা গুলশানের উদ্দেশে রওনা হয়ে মালিবাগ মোড়ে বাধা পেয়ে সেখানেই অবস্থান করেন।