ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে সঞ্জু মিয়া (৪২) নামে এক ফেরিওয়ালা আহত হয়েছেন। বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের ক্রসিং পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।
আহত সঞ্জু মিয়া গৌরীপুর পৌরসভার নূতন বাজারের ললিত শাহর পুত্র।
সঞ্জু মিয়া জানান, তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি স্টেশন থেকে আনুমানিক ২শ গজ দূরে রেলওয়ে ক্রসিং পয়েন্টে কাছে এলে একটি বাতি দেখতে পায়। কিছু বুঝে উঠার আগেই ছুড়ে মারলে তার মুখমন্ডলের কিছু অংশ, ঠোট ও মাথা পুড়ে যায়।
ঘটনার পর পরই গৌরীপুরের এএসপি সার্কেল মো. সালাহ উদ্দিন তালুকদার, ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পেট্রোল বোমার আলামত হিসাবে বোতলটির ভাঙ্গা অংশ উদ্ধার করে নিয়ে গেছে।