‘জঙ্গিদের মতো জিম্মি করে ক্ষমতায় যেতে চায় খালেদা’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিরা যেভাবে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তেমনিভাবে দেশের জনগণকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় 
যেতে চাইছেন। বেগম জিয়া দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে, পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার মাধ্যমে জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত।
বৃহস্পতিবার জাতীয় শ্রমিকলীগ আয়োজিত হরতাল ও অবরোধের নামে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে  সমাবেশ ও বিক্ষোভমিছিলে 
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
বিএনপি নেতাদের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কোন নেতাকে বেগম জিয়া পাশে পাচ্ছেন না। হরতাল-অবরোধের ডাক দিয়ে বিএনপি-জামাত জোটের কোন নেতাকর্মীকে রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে তারা হরতাল-অবরোধের নামে দেশ অরাজকতা চালাচ্ছে। এই ধরনের অযৌক্তিক আন্দোলন বেশিদিন চলবে না। ইতিমধ্যেই বেগম জিয়া ঘেরাওয়ের শিকার হয়েছেন। আর কিছুদিন এভাবে চললে বেগম জিয়া বিক্ষুব্ধ জনতার হাত থেকে পালানোরও পথ খুঁজে পাবেন না।  
বেগম জিয়া জনগণের জন্য রাজনীতি করছেন না এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের স্বার্থে। কিন্তু বেগম জিয়া রাজনীতি করেন নিজের জন্য। তিনি নিজে ক্ষমতায় 
যাওয়ার জন্য জনগণের উপরে যে অযৌক্তিক হরতাল-অবরোধ চাপিয়ে দিচ্ছেন। বেগম জিয়ার ডাকা হরতাল হচ্ছে গরিবের পেটে লাথি মারার জন্য। বেগম জিয়া দুষ্কৃতিকারীদের নেতৃত্ব দিচ্ছেন।    
তিনি আরো বলেন, ২০০৯ সালের ক্ষমতায় আসার পরে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের আপত্তি সত্ত্বেও সরকার কৃষি খাতে কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছিলো যার সুফল এখন আমারা পেতে শুরু করেছি। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে চাল রপ্তানি করতে শুরু করেছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় প্রায় ১২০০ ডলার। গত অর্থবছরে বৈদেশিক বাণিজ্য প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার ছুয়েছে।এই সরকারের মেয়াদান্তে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।শামসুল আলম বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সিরাজুল ইসলাম, ফজলুল হক মন্টু, আহসান হাবিব মোল্লা প্রমুখ।