‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র কাজ করছে’

 
যুক্তরাষ্ট্রের শরণার্থী বিষয়ক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র দফতরের জনসংখ্যা শরণার্থী ও অভিবাসন বিষয়ক এসিসন্ট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ড বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে ক্যাম্প পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেছেন।
অ্যান রিচার্ড বলেন, মিয়ানমারের নাগরিকত্ব বিষয়ক আইন অনুযায়ী সুনির্দিষ্ট কোন নৃতাত্ত্বিক জাতি হিসেবে স্বীকৃতি না পাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠরাই উদ্বাস্তু থেকে যাচ্ছে। রোহিঙ্গারা উদ্বাস্তু থাকার কারণে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দেশে থেকেও বাস্তুচ্যুত হচ্ছে। যে কারণে এরা পাশের দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে। তাই এ সমস্যা সমাধানের জন্য রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।