আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলসমূহকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ। খবর: বাসসের।
আবেদনকারী ইউনুছ আলী আকন্দ জানান, চলমান পরিস্থিতি বিবেচনায় এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতর লক্ষ্যে জনস্বার্থে রিটটি করা হয়েছে। সংবিধানে দেয়া অধিকার অনুযায়ী তিনি এ আবেদন করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগামী রোববার রিটটি উপস্থাপন করা হবে বলে ইউনুছ আলী আকন্দ জানান।
১৪ দলীয় জোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সভানেত্রী ও ২০ দলীয় জোটের নেতৃত্বদানকারী বিএনপি চেয়ারপারসন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-কে রিটে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে।
এর আগে ২০১৩ সালে একই আইনজীবীর আনা একই ধরনের একটি রিট আবেদনে দুই জোটের শীর্ষ দুই নেত্রীকে সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছিলো হাইকোর্ট। পরে ঐ রিট পিটিশন খারিজ হয়ে যায়।