জয়পুরহাটের কালাইয়ে দু’শ বছরের পুরনো একটি পুকুর সংস্কার করার সময় ৩২ কোটি টাকা মূল্যের ৮৮ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার হাতিয়রগ্রামের সাতশহর নামের দু’শ বছরের পুরনো পুকুরটির সংস্কার কাজ ১০-১২ দিন আগেই শুরু করে লেবাররা। সংস্কার কাজ চলাকালে বুধবার সকালে লেবারদের কোদালের কোপে বিকট শব্দ হলে সাবধানে মাটি কেটে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে। এ সময় লেবাররা পুকুরের মালিক হাতিয়র কামিল মাদ্রাসার শিক্ষক জাহিদুলকে বিষয়টি জানান। বিষ্ণুমূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার কৌতূহলী লোকেরা ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে। পুকুরের মালিক জাহেদুল বিষয়টি কালাই থানা পুলিশকে জানালে এসআই বুলবুল ও বোরজাহান সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির মূল্য ৩২ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাতিয়রগ্রামের সাতশহর পুকুর পারের অধিবাসী শ্রী রঞ্জিত কুমার, ধলা মিয়া, শুকুমার জানান, এ পুকুরটি প্রায় দুশ বছরের পুরনো।
কালাই থানার অফিসার ইনচার্জ রমজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাড়ে ৩ ফুট উচ্চতার ৮৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্রী দ্বিপক কুমারকে দিয়ে মূর্তিটি পরীক্ষা করার পর জানা গেছে, এটি কষ্টি পাথর দিয়ে তৈরি।