ঢাকাই সিনেমার সোনালি দিনগুলো এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। ব্যবসা ও শৈল্পিক মান এই দুই ক্ষেত্রেই এখন বেহাল দশা সিনেমার। নানামুখী বাস্তবতায় বিনোদনমাধ্যম হিসেবে বাংলা চলচ্চিত্র তার উপযোগিতা হারাতে বসেছে। মানসম্পন্ন সিনেমার অভাবে দর্শকরা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন দেশীয় চলচ্চিত্র থেকে। অনেক পরিচালক বিচ্ছিন্নভাবে চেষ্টা করলেও সিনেমার সুদিন আর ফিরিয়ে আনতে পারছেন না। এদিকে দর্শকের অভাবে বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। আর যেগুলো টিকে আছে, সেগুলোও চলছে ধুঁকে ধুঁকে।
চলচ্চিত্র সংকটে ভুগছে ইন্ডাস্ট্রি। দিনে দিনে কমছে সিনেমা নির্মাণের সংখ্যা, যার হাওয়া লেগেছে ঢালিউডের নায়িকাদের গায়েও। অনেক নায়িকার হাতেই এখন সিনেমা নেই। থাকলেও একটি কি দুটি। তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাও কম। কোনো কোনো নায়িকার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ছয় মাস, এক বছর বা তারও বেশি সময় আগে। হাতে গোনা দুয়েকজনের হাতে সিনেমা থাকলেও বেশিরভাগ নায়িকার হাতই শূন্য!
‘স্বপ্নজাল’ সিনেমার পর অনেকদিন হয়ে গেল নতুন কোনো সিনেমা নেই পরীমনির। যদিও সপ্তাহ দুয়েক আগে মুক্তি পেয়েছে তার তিন বছর আগে শুরু হওয়া ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি। এছাড়া এই মুহূর্তে আর কোনো সিনেমা নেই তার হাতে। সিনেমা নেই তাই হয়তো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক।
এই সময়ে শাকিব খানের সঙ্গে সফল জুটি হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করে যাচ্ছেন। গেল বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ সিনেমা। এছাড়া তিনি এখন ব্যস্ত রয়েছেন শাহীন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার’ সিনেমার শুটিং নিয়ে। এছাড়াও মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এ সিনেমায়ও তার বিপরীতে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
গেল বছরে ‘পাঙ্কু জামাই’ সিনেমায় বড় পর্দায় দেখা গেলেও নতুন কোনো সিনেমায় দেখা যায়নি ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। এর মধ্যে তিনি দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করছেন। এর আগে এই নায়িকার বেশ কিছু সিনেমার ঘোষণা এলেও সেগুলো শুটিং পর্যন্ত গড়ায়নি। সেদিকে একটি সিনেমা ছাড়া আর কোনো সিনেমা নেই তার হাতেও।
মাহিয়া মাহি অভিনীত বেশ কিছু সিনেমার কাজ রয়েছে নির্মাণাধীন। কিছু সিনেমার কাজ শেষ হলেও আসেনি মুক্তির ঘোষণা। তবে গত শুক্রবার মুক্তি পেয়েছে তার ‘অন্ধকার জগত্’ সিনেমাটি। এই মুহূর্তে আর কোনো সিনেমা নেই তার হাতে। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ না হয়ে পুরোনো সিনেমার শিডিউল দেবেন না বলে এরমধ্যেই জানিয়েছেন তিনি। নতুন বছরের দুই মাস পার হতে লাগলেও নতুন কোনো সিনেমার ঘোষণা পাওয়া যায়নি মাহির।
‘হালদা’ মুক্তির প্রায় বছরখানেক পর তিশার নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। শুরু থেকে সিনেমাটি আলোচনায় থাকলেও দর্শক টানতে পারেনি তেমনভাবে। তার হাতেও নেই নতুন কোনো সিনেমা।
প্রায় এক বছর পর কিছুদিন আগে বিদ্যা সিনহা মিমের ‘দাগ হূদয়ে’ সিনেমাটি মুক্তি পায়। যেটির শুটিং শুরু হয়েছিল অনেক আগে। এর আগে গত বছরে সর্বশেষ মুক্তি পেয়েছিল মিমের ‘সুলতান’ সিনেমাটি। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে এরমধ্যে ‘সাপ লুডো’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও শেষ করেছেন কলকাতার একটি একটি সিনেমা। নাম ‘থাই কারি’। এছাড়া আর কোনো উল্লেখযোগ্য সিনেমা নেই তার হাতে।
বর্তমানে ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নুসরাত ফারিয়া। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন তিনি। এই সিনেমাটি ছাড়া তার হাতেও আর কোনো সিনেমা নেই এই মুহূর্তে। গত বছরে ওপার বাংলার নায়ক জিতের সঙ্গে ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। এরপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি।
প্রায় দুই বছর পর নতুন সিনেমা মুক্তি পেয়েছে আঁচলের। ২০১৭ সালের শুরুর দিকে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’। এরপর তাকে আর বর পর্দায় দেখা যায়নি। মাঝে অনেকদিন বিরতি দিয়েছিলেন। বিরতির পর ফিরে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এরইমধ্যে ‘তোলপাড়’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আর সম্প্রতি দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
গেল বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ সিনেমা ‘দহন’। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও এখন শুরু হয়নি সিনেমার কাজ। নতুন বছরে ‘জিন’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও ঘোষণার বাইরে আর কিছুই এগোয়নি এই সিনেমার কাজ।