বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কিছু সন্ত্রাসীর নাশকতার কার্যকলাপ ছাড়া স্বাভাবিক অবস্থাই মিডিয়ায় তুলে ধরা হবে, আমরা এ আশা করব।’ বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আজকের এ বৈঠক গণমাধ্যমের সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক। তবে বৈঠকে সিনিয়র মন্ত্রীরা আমন্ত্রিত হয়ে এসেছেন।’ বৈঠকের পর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘দেশে আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাস চলছে। সন্ত্রাস রাজনীতিকে গাইড করতে পারে না। ’
টেলিভিশন সাংবাদিকদের মধ্যে বৈঠকে অংশ নেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী অঞ্জন চৌধুরী, একাত্তরের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন বাবু এবং বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। অঞ্জন চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে ইলেকট্রনিক মিডিয়ার কী দায়িত্ব, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা আন্দোলন নয়, নাশকতা। এ ছাড়া ভারতীয় চ্যানেল বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল হোসেন বাবু বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। এটা কোনো আন্দোলন নয়, নাশকতা। তাই, নাশকতার বিরুদ্ধে দেশ-জাতিকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’
বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সহিংসতা, সহিংসতা। আর রাজনীতি রাজনীতিই। সহিংসতা যদি রাজনীতি দখল করে নেয়, তাহলে রাজনীতি বিপদজনক জায়গায় গিয়ে পড়বে।’