রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারার মধ্যেই পণ্যবোঝাই ট্রাকবহরে হামলা চালিয়েছে মুখোশধারী শিবিরকর্মীরা। গতকাল দুপুরে নগরীর গ্রেটার রোডে এ ঘটনা ঘটে। এসময় উপর্যুপরি বোমার বিস্ফোরণে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। হামলাকারীরা এলাকার কয়েকটি দোকানেও ভাংচুর চালায়। অতর্কিত এই হামলায় দুই ভাইসহ স্থানীয় ৩ জন আহত হয়েছেন। তবে ট্রাক বা পরিবহন কর্মীদের কোন ক্ষতি হয়নি।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশজুড়ে লাগাতার অবরোধ এবং ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘন্টার হরতাল চলাকালে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি যানবাহনে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। দিনাজপুরে ২টি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে অগ্নিদগ্ধ হন চালকসহ ৫ জন। সিলেটে যাত্রীবাহী দুটি বাসে, চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানে, গাজীপুরে হিউম্যান হলারে ও কুমিল্লার তিতাসে ৮টি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চাঁদপুরে জেলা আওয়ামী লীগ অফিস ও ঝালকাঠির নলছিটিতে উপজেলা ভাইস-চেয়ারম্যানের বাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
রাজশাহী অফিস জানায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাকগুলো আসছিল। গাড়িগুলো গ্রেটার রোড পার হওয়ার সময় মুখোশ পরা একদল শিবিরকর্মী হঠাত্ ট্রাকবহরে হামলা চালায়। তারা ট্রাক লক্ষ্য করে মুহুর্মুহু পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এসময় সড়কের বর্ণালীর মোড় থেকে দড়িখরবোনার মোড় পর্যন্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়। তারা দড়িখরবোনার মোড়ে দরিদ্র মানুষের দুইটি চায়ের দোকান ভাংচুর করে এবং আশা নামের একটি সেলুনের চেয়ার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ট্রাকবহরের সামনে থাকা বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ পাহারায় ট্রাকের বহর ওই এলাকা ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বোমার স্প্লিন্টারে গ্রেটার রোডে অবস্থিত উত্তরণ প্রেসের সাটার গেট ফুটো এবং শোরুমের কাঁচ ভেঙে যায়। এছাড়া স্প্লিন্টার বিদ্ধ হয়ে প্রেস কর্মচারী কাজিম (২৫), তার বড় ভাই মাসিম (৪০) ও পথচারী উপশহর এলাকার আবদুর রশিদ (৩৮) গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাব বা বিজিবির কোনো সদস্য বা ট্রাকবহরের কেউ আহত হননি। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে সনাক্ত ও আটক করা সম্ভব হয়নি। তবে ১৯ জানুয়ারি রাতে বাসে বোমা হামলার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবম সমাবর্তন উপলক্ষে তৈরি করা গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে কে বা কারা ওই গেটে আগুন ধরিয়ে দেয়।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে দিনাজপুর-পঞ্চগড় সড়কে কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রীজের কাছে কাঁচের সামগ্রী বোঝাই একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৪-৩০৩৭) পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫), হেলপার একই গ্রামের আব্দুল হকের পুত্র চৌধুরী (২৭) এবং ট্রাকযাত্রী নীলফামারীর আমজাদ আলীর পুত্র মালেককে (৪৫) রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এছাড়া রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাট উপজেলার দাখিল মাদ্রাসার সামনে ধান বোঝাই একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৪-৩৯৬৮) পেট্রোল বোমা ছুঁড়ে মারা হয়। এতে চালক আনিসুর রহমান (৪০) ও হেলপার আব্দুল খালেক (২৫) অগ্নিদগ্ধ হন। উভয়ের বাড়ী ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামে। আনিসুরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও খালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আটজনকে আটক করেছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে থাকা চেয়ার-টেবিল ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্রতিকৃতি পুড়ে ছাই হয়ে যায়।
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা জানান, গতকাল ভোর ৪টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক দুলাল শরীফের মালিপুর গ্রামের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সরকারি গাড়ি ভাংচুর করছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল ৩টার দিকে ইউএনও’র বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট অফিস জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের শ্রীরামপুরে ও বাইপাস সিরাজ উদ্দিন একাডেমির সামনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৃথক দুটি বাসে (সিলেট-ব ১১-০০৪৩ ও সিলেট-ব ১১-০০১৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বগুড়া প্রতিনিধি জানান, নাশকতার অভিযোগে গতকাল ২০ দলীয় জোটের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে যানবাহনে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে আটক দুই যুবদল কর্মীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, মোস্তফা আলী মিঠু (২৩) ও নিতু সরকার (২৬)।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বুধবার রাত ১টার দিকে বারইয়ারহাট পৌরসদরে পণ্যবাহী চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট ১৪-৫৯৩৯) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বুধবার রাত ২টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়গাঁও গ্রামের একটি গ্যারেজে দুর্বৃত্তরা আগুন দিলে ৮টি সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, মাইজদীতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার কেরানীহাটে বুধবার রাতে ও গতকাল সকালে পৃথক ককটেল হামলায় ৩ জন আহত হয়েছেন। এরা হলেন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী আবু হানিফ প্রকাশ খোকন (৩০), মো. জাহেদ (৩৩) ও মো. মাসুম (৩২)। তাদের স্থানীয় আশেশফা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গাজীপুর প্রতিনিধি জানান, স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। গ্রেফতারকৃত ফজলুল হক চৌধুরী ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডবাজার বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উলুখোলা বাইপাস সড়কের কেটুন জামতলা নামকস্থানে একটি সিমেন্ট ভর্তি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।