বগুড়া সদরের নুনগোলা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকটির চালকসহ ৩জন দগ্ধ হয়েছেন। মারাত্মক দগ্ধ ওই তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে নুনগোলা ইউনিয়নের ল্যাংড়া বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো ট্রাক চালক পিরোজপুরের কাউখালি এলাকার টিটোন (৪৫), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার সাজু মিয়া ও ট্রাক শ্রমিক আব্দুর রহিম (৩৮) ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, বগুড়ার মোকামতলা এলাকার ফার্নিচার ব্যবসায়ী সাজু মিয়া নড়াইলের একটি মেলায় দোকান দেয়ার জন্য ল্যাংড়া বাজারের কয়েকজন দোকানীর কাছ থেকে ফার্নিচার কেনেন। সেসব ফার্নিচার মেলায় নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ট্রাকে তোলা হচ্ছিল। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে। এতে ফার্নিচারে আগুন লাগার পাশাপাশি ওই তিনজন দগ্ধ হন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায় ।
বগুড়ার জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার(এএসপি) গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আঘাতে ওই তিনজনের মুখমণ্ডলসহ শরীরের উর্ধ্বাংশ ঝলসে গেছে। তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে ।