ইসলাম এবং গণতন্ত্র সন্ত্রাসবাদকে সমর্থন করে না: ডেপুটি স্পিকার



জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ইসলাম এবং গণতন্ত্র কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ দৃঢ় অবস্থান নিয়েছে। তুরস্কের ইস্তানবুলে ওআইসি সদস্য দেশসমুহের পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) ১০ম তম সম্মেলনে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসকে প্রশ্রয় না দিয়ে তাকে কঠোর হাতে দমন করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার সিরিয়াসহ কয়েকটি মুসলিম প্রধান দেশে চলমান সন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ করেন।
অধিকৃত ফিলিস্তিন, দখলকৃত আল কুদস আল শরীফ ও সিরিয়ার বর্তমান অবস্থা বিশ্বশান্তি ও ন্যায়বিচারের পরিপন্থী বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। তিনি একজন সংসদ সদস্য হিসেবে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য মুসলিম দেশসমুহের পার্লামেন্টের জোরালো ভূমিকা দাবি করেন।
ডেপুটি স্পিকার তার বক্তব্যে, মায়ানমারের রাখাইন প্রদেশের মুসলিমদের দূরবস্থা , কয়েক লক্ষ নিবন্ধিত ও অনিবন্ধিত মায়ানমার শরণার্থীর বাংলাদেশে দীর্ঘ অবস্থানের কারণে সৃষ্ট আর্থ-সামাজিক সমস্যা ও পরিবেশ দূষণের বিষয়ে সম্মেলনের উপস্থিত মুসলিম নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মিয়ানমারের শরণার্থীদের দ্রুত ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব প্রদানের দাবি জানান।
পিইউআইসি'র ১০ম তম সম্মেলনে ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় দল তুরস্ক সফর করছেন। এই সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন- নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, এ কে এম শাহজাহান কামাল এমপি ও রওশন আরা মান্নান এমপি।
সম্মেলন শেষে আগামী ২৪ জানুয়ারি শনিবার প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।