অস্কার। এ পুরস্কারটির জন্য মুখিয়ে থাকেন হলিউড়ে রথী-মহারথী তারকারা। আর তাই অস্কার মঞ্চের দিকেও নজর থাকে পুরো বিশ্বের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বরং তাতে ছিল নানা রকম চমক। সেসব সম্পর্কে লিখেছেন রফিকুল ইসলাম
চলচ্চিত্র তারকাদের কাছে অন্যতম একটি আকর্ষণ হলো বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে ৯১তম অস্কারের এই আসর শুরু হয়েছিল। শোবিজ জগতের সবচেয়ে জমকালো এ আয়োজনে বাহারি নানা পোশাকে অংশ নিয়েছেন হলিউডের বিখ্যাত সব তারকারা। কিন্তু ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু’ এই ঘোষণা এ বছরের অস্কার মঞ্চে শোনা যায়নি। কারণ এবার সঞ্চালকহীন ছিল অস্কার মঞ্চ। ১৯৮৯ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্চালক ছাড়াই হয়েছে অস্কার। অস্কার অনুষ্ঠানের মূল পর্ব শুরুর পর একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। আর সেই পুরস্কার প্রদানের পাশাপাশি কিছু পারফরম্যান্সও ছিল। এরমধ্যে লেডি গাগা ও ব্রেডলি কুপারের পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ ছিলেন সবাই। ‘শেলো’ গানটি তারা একসঙ্গে গেয়ে শোনান। ঘনিষ্ঠ হয়ে পারফর্ম করেন এই গানে। আলোর ঝলকানিতে লেডি গাগা ও কুপারের এই পরিবেশনা ছিল অস্কারের অন্যতম আকর্ষণীয় বিষয়। পারফর্ম করতে করতে অনেকটাই আবেগী হয়ে পড়েছিলেন লেডি গাগা। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার পেল নারী নির্মাতা রাইকা জেহতাবচি পরিচালিত ‘পিরিয়ড অ্যান্ড অব সেনটেন্স’। এটি প্রযোজনায় ছিল নেটফ্লিক্স। প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে ভারতের হাপুরে নারীদের অল্প খরচে স্যানিটারি প্যাড বানানোর গল্প। নিজেরা ব্যবহারের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে অন্য নারীর কাছে এই প্যাড বিক্রি করেন তারা। তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচালাম মুরুগানানথাম ভারতের প্রত্যন্ত অঞ্চলে নারীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কম খরচে স্যানিটারি ন্যাপকিন মেশিন তৈরি করে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি এখন ভারতের গর্ব। ওই সমাজকর্মীকে ঘিরে বলিউডে নির্মিত ‘প্যাডম্যান’ প্রশংসিত হয়েছে। জমকালো আয়োজনে অস্কার পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। পুরস্কার প্রদান ও পারফরম্যান্স—সব মিলিয়ে মধ্যরাত অব্দি চলে অস্কার অনুষ্ঠান। তবে মধ্যরাতের পরও কিন্তু বিজয়ীদের আনন্দ শেষ হয়নি। তারা পার্টি করেছেন সারা রাত। অস্কার বিজয়ীরা অংশ নিয়েছেন এ পার্টিতে। অস্কারের বলরুমে এ পার্টি আয়োজন করা হয়। পার্টিতে অংশ নেন সব বিজয়ীরা। এখানে বিভিন্ন ধরনের খাবারের মেন্যুর আয়োজন ছিল। পাশাপাশি কুশল বিনিময়ে করে ও নেচে-গেয়ে সারা রাত পার করেছেন তারকারা।