উখিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, পাল্টাপাল্টি গুলি বর্ষণের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে পালংখালী ও বটতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম সিরাজুল হক মেম্বারের ছেলে শফিক ও মৌলভী ইসহাকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের লোকজন পালংখালী স্টেশনে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হাফেজ জাকের আহমদ ও তার ভাজিতা তোফাইল আহমদ (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের উখিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান দু’পক্ষের মধ্যে গোলাগুলির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনাকে কেন্দ্র করে পালংখালী এলাকায় দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।