নারায়ণগঞ্জে পাউরুটির ভেতরে গান পাউডার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুইজন যুবককে গান পাউডারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুইজন যুবক পাউরুটির প্যাকেটে রুটির ভেতরে অভিনব কায়দায় ওইসব গান পাউডার বহন করছিল। নাশকতার জন্যই এসব গান পাউডার আনা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সাঈদ (৩০) ও হাইউন মিয়া (২৮)।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মাজহার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজন যুবক একটি বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসে। শহরের চাষাঢ়ায় বাস থেকে নামার পরেই ওই দুইজন যুবককে আটক করে তল্লাশি করে পাউরুটির প্যাকেটের ভেতরে রুটির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গান পাউডার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, নাশকতার জন্যই এসব পাউডার আনা হয়েছিল।