নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজার ও ছমির মুন্সিরহাট হাট বাজারে শুক্রবার বিকাল চারটার দিকে ১৫/১৭টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি ট্রাক ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। তারা এসময় ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২টি পেট্রোল বোমা ও ৪টি হাতবোমাসহ তিন শিবির নেতাকে হাতেনাতে গ্রেফতার করে। তারা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন (২০), দাগনভূঁইয়া উপজেলার ইকবাল মোমোরিয়াল কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইমরুল বাহার হৃদয় (২০) ও মো. শাওন (২০)।
সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২টি পেট্রোল বোমা ও ৪টি হাতবোমাসহ তিন শিবির নেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।