লুক রঞ্চি ও গ্র্যান্ট এলিয়টের নতুন ওয়ানডে রেকর্ডে নিউজিল্যান্ড শুক্রবার শ্রীলঙ্কাকে হারালো। এ জুটি ডুনেডিনে অনুষ্ঠিত সাত ম্যাচ সিরিজের পঞ্চম খেলাটিতে ষষ্ঠ উইকেটে ২৬৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে ১০৮ রানে জেতান।
তাতে ভেঙ্গে যায় ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ২০০৭ সালে গড়া ২১৮ রানের রেকর্ডটি। দুজনে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে খেলায় আগের রেকর্ডটি গড়েছিলেন।
রঞ্চি ও এলিয়ট কাল নিজেদের মাঠে জুটি বাধেন যখন দলের সংগ্রহ ৯৩/৫। এরপর রঞ্চি ৯৯ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অপরদিকে এলিয়ট করেন ১০৪। তাতে আর কোন উইকেট না হারিয়েই স্বাগতিকদের সংগ্রহ ওঠে পাচ উইকেটে ৩৬০।
শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ১১৬ রান করলেও তা হার এড়াতে যথেষ্ঠ ছিল না। ফলে সফরকারীরা সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকলো।