টেকনাফে ৪০ হাজার ইয়াবা ও বিয়ারসহ আটক ৩, মামলা

 
টেকনাফে ৪০ হাজার ইয়াবা ও ৩৩০ ক্যান বিয়ারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘনায় আটক তিনজনসহ ১৪ জনের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। 
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার আবদুর রহমানের বাড়িতে ইয়াবা মজুদ রাখার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাইট্যং পাড়ার আবদুর রহমানের ছেলে কামাল হোসেন(২৫) ও তার মা  নুর আয়েশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো আট জনকে পলাতক আসামী করে একটি মামলা করে।
অপরদিকে ভোর রাতে একই এলাকায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৩৩০ ক্যান বিয়ারসহ আবদুর রহমান(১৮) নামের একজনকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আসামীসহ তিনজনকে পলাতক দেখিয়ে অপর একটি মামলা দায়ের করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও বিয়ারসহ আটকদের এজাহারভুক্ত ও ১১ জনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।