মার্কিন সহকারী মন্ত্রী অ্যান রিচার্ড

রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ দিতে হবে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান রিচার্ড বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দেয়া উচিত। কারণ এ সমস্যা মিয়ানমারের। তারাই এই সমস্যার সমাধান করতে পারে। বাংলাদেশে চারদিনের সফরের শেষদিনে শুক্রবার রাজধানীর আমেরিকান ক্লাবে নির্দিষ্ট কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যান রিচার্ড বলেন, তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন যথাযথ সমাধান হতে পারে না। বরং রোহিঙ্গা সমস্যার সবচেয়ে ভালো সমাধান হতে পারে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া। তাদের শান্তিপূর্ণ বসবাসের সুযোগ করে দেয়া। যদিও এটা খুব সহজ নয়।রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়, সংশ্লিষ্ট সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যান রিচার্ড। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারের ক্যাম্পে ভালো জীবন যাপনের সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে আগ্রহী নয়। বরং কষ্ট করে বাংলাদেশে থেকেই যেতেই তারা বেশি আগ্রহী।
এর আগে গত বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য অ্যান রিচার্ড। ঐ বক্তব্যে তিনি বলেন, মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এ জন্য যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত দেয়ার উপর জোর দিতে হবে।