১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ইন্দ্রকুমার পরিচালিত ‘বেটা’ সিনেমাটি। পারিবারিক দ্বন্দ্ব-সংঘাতনির্ভর বলিউডি সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অনিল কাপুর-মাধুরী দীক্ষিত। বক্স অফিসে দুর্দান্ত সাড়া জাগিয়েছিল ‘বেটা’। যেখানে বেশ কয়েকটি সুপার-ডুপার হিট গান ছিল। এর মধ্যে ‘ধক ধক করনে লাগা’, ‘কোয়েল সে তেরি বোলি’, ‘সাজনা ম্যায় তেরি’ গানগুলোর কথা বলা যায়। এখনো গানগুলো কোথাও বাজলে দর্শকশ্রোতা নস্টালজিক হয়ে ওঠেন। অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি বেঁধে অনেকগুলো সিনেমা করেছেন। এর মধ্যে বেশিরভাগই দারুণ ব্যবসাসফল। ‘তেজাব’, ‘হিফাজত’, ‘পরিন্দা’, ‘জীবন এক সংঘর্ষ’, ‘খেল’, ‘রাজকুমার’, ‘পুকার’ প্রভৃতি সিনেমার কথা বলা যায়। দীর্ঘদিন পর মাধুরী দীক্ষিত তার পুরোনো স্ক্রিন পার্টনার অনিল কাপুরকে সঙ্গে নিয়ে আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সেই সুপারহিট ‘বেটা’ সিনেমার পরিচালক ইন্দ্র কুমারের নতুন সিনেমা ‘টোটাল ধামাল’-এ তাদের দেখা যাবে। ফলে ‘টোটাল ধামাল’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ইন্দ্র কুমার পরিচালিত ১৪ নম্বর সিনেমা ‘টোটাল ধামাল’। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে এ সপ্তাহে। এই সিরিজের আগের দুটি সিনেমা হলো ‘ধামাল’ ও ‘ডাবল ধামাল’। আর নতুন সিনেমা ‘টোটাল ধামাল’-এ অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ, এশা গুপ্তার মতো তারকা অভিনেতা-অভিনেত্রীর সমাবেশ ঘটেছে। বলা হচ্ছে, হাস্য, কৌতুক আর অ্যাডভেঞ্চারের চমক রয়েছে সিনেমাটির প্রতিটি দৃশ্যে।
মাধুরী দীক্ষিত খ্যাতির শীর্ষে পৌঁছার পর আমেরিকা প্রবাসী ভারতীয় শল্য চিকিত্সক শ্রীরাম নেনেকে বিয়ে করে সংসারী হন। পাড়ি জমান আমেরিকায়। ডেনভারে স্বামীর সঙ্গে একটানা বেশ অনেকগুলো বছর কাটিয়ে কয়েক বছর আগে মুম্বাই ফিরে আসেন। দুই পুত্র সন্তানের জননী মুম্বাই ফিরে এলেও সিনেমায় অভিনয়ে নিজেকে তেমনভাবে জড়াননি। তাকে মাঝেমধ্যে ছোট পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক কিংবা সেলিব্রেটি অতিথি হিসেবে দেখা যায়। তাকে বলিউডি সিনেমায়ও হঠাত্ হঠাত্ দেখা যায়। সর্বশেষ মাধুরীকে দেখা গেছে ‘বাকেট লিস্ট’ সিনেমায়। অবশেষে এই জনপ্রিয় অভিনেত্রী করণ জোহরের মেগা ফিল্ম প্রজেক্ট ‘কলঙ্ক’ এবং ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ সিনেমায় অভিনয়ে রাজি হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেন। বলিউডি সিনেমা ‘গুলাব গ্যাং’-এ তাকে দেখা গেছে পাঁচ বছর আগে ২০১৪ সালে। একই বছরে তাকে ‘ঢের ইশকিয়া’ সিনেমায়ও দেখা গিয়েছিল। ৫১ বছর বয়সী মাধুরী গ্ল্যামারাস রোলেও এখনো কম যান না। এর প্রমাণ পাওয়া যাবে ‘টোটাল ধামাল’ সিনেমায়। ইউটিউবের সুবাদে সিনেমাটির বেশ কয়েকটি নাচগানের দৃশ্যে ইতিমধ্যে তাকে দেখেছেন সবাই। যেখানে মাধুরীর প্রাণবন্ত গ্ল্যামারাস পারফরম্যান্স সবার হূদয়ে নতুন করে দোলা দিয়েছে। দীর্ঘ বিরতির পর অনিল কাপুরের সঙ্গে পর্দায় উপস্থিত হওয়াটাকে মাধুরী বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ‘আমি বেশ উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে কাজ করেছি মজার এই সিনেমায়। “টোটাল ধামাল” দর্শক বিনোদনে ভিন্নমাত্রা যোগ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস,’ মাধুরী সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন।