জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল শুক্রবার হাইতিতে তিন দিনের সফর শুরু করেছে। রাজনৈতিক সঙ্কট উত্তরণে দীর্ঘপ্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ সৃষ্টিই প্রতিনিধিদলের সফরের মূল লক্ষ্য।
নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংস্থার এ প্রতিনিধিদল প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি ও অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবে। এছাড়া স্থানীয় জাতিসংঘ প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।
জাতিসংঘ প্রতিনিধিদলের এক বিবৃতিতে বলা হয়েছে, আর দেরি না করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক কুশীলবদের ওপর চাপ সৃষ্টিই এ সফরের উদ্দেশ্য।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে পার্লামেন্ট ভেঙে দেয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ডিক্রির মাধ্যমে দেশ শাসন করছেন। এদিকে দেশটির জনগণ গত তিন বছর ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে।
মার্টেলি বিরোধী নেতা ইভান্স পলকে প্রধানমন্ত্রী ঘোষণা এবং চলতি বছরের শেষে নতুন নির্বাচন আয়োজনের জন্য চুক্তি স্বাক্ষর করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন।