ব্রাজিলে বিক্ষোভে পুলিশের রাবার বুলেট

ব্রাজিলের সাও পালো শহরে হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। গণপরিবহণে ভাড়া বাড়ানোর প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছিল। খবর এএফপি’র।
ও এস্তাদো ডি সাও পাউলো পত্রিকা জানিয়েছে, ভাড়া বাড়ানোর প্রতিবাদে সর্বশেষ এই বিক্ষোভ চলাকালে স্থানীয় এক সাংবাদিকের পায়ে রাবার বুলেট লাগলে তিনি আহত হন। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কয়েকজন বিক্ষোভকারী তাদের দিকে ইটপাটকেল ও দেশি অস্ত্র ছুড়ে মারলে আত্মরক্ষায় পুলিশ তাদের দিকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
‘পাসে লিভরে’ নামের একটি গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি ২০১৩ সালে ফুটবল কনফেডারেশন কাপ আয়োজনের বিরুদ্ধেও বিক্ষোভের আয়োজন করেছিল। এটা ওই টুর্নামেন্টের ওপর ছায়াপাত ফেলে এবং এরপর দেশব্যাপী বিক্ষোভটি ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, সাও পালোতে অনুষ্ঠিত এই বিক্ষোভে শুক্রবার ১৫ হাজার মানুষ যোগ দেয়। এদের অনেকেই ছাত্র। যদিও পুলিশ জানায়, বিক্ষোভে ১ হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।