নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জেএমবি সদস্য সেলিম বাবু ওরফে টাক বাবুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. আব্দুল সাদী এ সাজা প্রদান করেন। এর আগে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেএমবি সদস্য সেলিম বাবুর বিরুদ্ধে সাতক্ষীরা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও জঙ্গি তৎপরতার একাধিক মামলা রয়েছে। এছাড়া জেএমবি’র সক্রিয় সদস্য হিসেবে পুলিশ তাকে সনাক্ত করেছে।