ফেনীতে কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফেনী পুলিশ সুপার মোঃ রেজাউল হক বলেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। গাড়ীতে আগুন, ভাংচুর ও নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা যেন উৎসাহিত না হয় এমন সংবাদ এলাকার সুনামের স্বার্থে এড়িয়ে যাওয়া উচিত। তিনি আরও বলেন, আপনারা অপরাধীদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবেন না এমনকি তাদের সাথে সম্পর্কও রাখবেন না। তিনি আরোও বলেন, বিগত চার মাসের আমার দায়িত্বকালীন কোন মিডিয়া কর্মী পুলিশের হাতে নাজেহাল বা আক্রান্ত হয়নি।
পুলিশ সুপার বলেন, অতীতের মত গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন সহযোগীতার মাধ্যমে পুলিশের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে। তিনি আগামী ২৭ জানুয়ারী থেকে সাত দিনে পুলিশের কম্বিং অপারেশনে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মুহাম্মদ সামছুল আলম সরকার, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব মোর্শেদ ও ডিআইও মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।