মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ভারতের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। গতকাল শনিবার এন্ড্রু এয়ার ঘাঁটি থেকে রওনা দেন ওবামা দম্পতি। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসে আগ্রার তাজমহল ভ্রমণের কথা থাকলেও সৌদি সফরের কারণে আগ্রা সফর বাতিল করেছেন ওবামা। বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ভারতে থেকে সৌদি আরবের রিয়াদে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি বাদশাহর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে সৌদি সফরের কারণে মার্কিন প্রেসিডেন্ট আগ্রা সফর বাতিল করেছেন। মঙ্গলবার ভারত ছাড়বেন বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাজমহল ভ্রমণে যেতে না পেরে দু:খ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে গুঞ্জন রয়েছে নিরাপত্তার কারণে আগ্রা সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাজমহল প্রাঙ্গণসহ পুরো এলাকার নিরাপত্তার জন্য ভারত এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো বেশ কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য বিমানবন্দর থেকে তাজমহল পর্যন্ত ১১ কিলোমিটার পথ ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়।
আজ রবিবার সকাল দশটায় দিল্লি বিমান বন্দরে অবতরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাবেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বারাক ওবামা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভোজসভার আয়োজন করবেন। সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বারাক ওবামা। ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন মার্কিন প্রেসিডেন্টের উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর এটা বারাক ওবামার দ্বিতীয় ভারত সফর।
আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পংকজ কুমার বলেন, মার্কিন প্রেসিডেন্ট আগ্রা সফর বাতিল করেছেন। এখানে থাকা মার্কিন বাহিনীর পক্ষ থেকে তার আগ্রা সফর বাতিল করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব নভনিত সেহগাল বলেন, মার্কিন নিরাপত্তা বাহিনী আগ্রা ত্যাগ করেছেন।
এর আগে ২০১০ সালে ভারত সফরেও মার্কিন প্রেসিডেন্টের আগ্রা সফরের কথা থাকলেও তখন তিনি যেতে পারেননি। মার্কিন প্রেসিডেন্টের পরিবারের আগ্রা সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেয় ভারত সরকার। তাজমহলের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কয়েক হাজার কর্মী নিয়োগ করা হয়।