আজ সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল

দুই দিন বিরতি দিয়ে আবারো ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত জোট। ‘সরকারের ষড়যন্ত্র’ ও বিএনপি জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদের পাশাপাশি এবার হরতাল আহ্বানের দাবির মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি। আজ ভোর ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশে টানা এ হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে গত বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছিল বিএনপি জোট।
বরিশাল অফিস: আজ বরিশাল বিভাগের ৬ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। বিএনপি নেতারা জানান, দলীয় চেয়ারপারসনকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখার পর তাকে গ্রেফতারের অপচেষ্টা, আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: পুলিশ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে। প্রতিবাদে আজ রবিবার চুয়াডাঙ্গা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারে করে। পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, পুলিশ পিকআপ ভ্যানে বোমা হামলা মামলার সন্দেহভাজন আসামি এবং সরকার ও রাষ্ট্র বিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা-সহযোগিতাকারী হিসাবে এই গ্রেফতার করা হয়েছে।
’অবরোধ-হরতাল চলবে, কোনো পরিবর্তন হবে না’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ২০ দলের চলমান অবরোধ ও হরতালসহ আন্দোলন কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া,চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ।
গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান তারা।

শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কার্যালয় থেকে বের হয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ২০ দলের ডাকা আন্দোলনে কোনো প্রভাব পড়বে না।