তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সরকারের সমালোচনার আগে মানুষ পুড়িয়ে মারার আসামি খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে, খালেদা জিয়ার স্থান আলোচনার টেবিলে নয়, কারাগারে। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে আওয়ামী লীগের রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বিবৃতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, আগুনে মানুষ পোড়ানো বন্ধ না করে, খালেদা জিয়াকে গ্রেফতার না করার আবদার জাতির সঙ্গে রসিকতার সামিল। টেলিভিশন মালিকদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের বৈঠকের মাধ্যমে সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে কি না বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সঙ্গে নিয়মিত বৈঠক করা হয় সুতরাং এটা নিয়মিত বৈঠকের অংশ। নাশকতা বন্ধ করার সরকারের যে উদ্যোগ চলছে সে ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া নির্মম রাজনীতি করছেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুত্ সংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা (তদন্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাধারণ সম্পাদক গোলাম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।