নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট আজ আসছেন

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ রবিবার ঢাকা আসছেন। জানা যায়, তিনি দুপুরের দিকে ঢাকায় এসে পৌঁছাবেন এবং  শিগগিরই রাষ্ট্রপতি আবদুল হামিদের নিকট তার পরিচয়পত্র পেশ করবেন। গত বছরের মে মাসে বার্নিকাটকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এর পর নভেম্বরে সিনেটে শুনানির পর তার নিয়োগ চূড়ান্ত হয়। তিনি রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাষ্ট্রদূত বার্নিকাট পেশা জীবনে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর পরামর্শক শ্রেণির একজন কর্মকর্তা। বাংলাদেশে আসার আগে ২০১২ সাল থেকে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।