জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াসুহিদ নাকাইমা বলেছেন, ইসলামিক স্টেট আইএসের হাতে জিম্মি দুই জাপানি নাগরিকের মুক্তির জন্য সবধরনের চেষ্টা করবে জাপান। তিনি জানান, জিম্মি দুই জাপানি নাগরিককে মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জিম্মিদের মুক্তির জন্য গতকাল শনিবার জর্ডানের আম্মানে গেছেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তিনি বলেন, জিম্মি জাপানি নাগরিকদের সন্ধানে আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাবো। তাদের বিষয়ে যে সকল তথ্য পাওয়া যাবে তার সম্ভাব্যতা যাচাই করে দেখছি আমরা। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো। আমরা আশা ছেড়ে দিতে পারি না। তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।
আইএস জঙ্গিদের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেছে গতকাল শনিবারই। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগে মঙ্গলবার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা দুই জাপানি নাগরিককে জিম্মি করা একটি ভিডিও অনলাইনে প্রকাশ করে। ঐ দুই জাপানিকে জিম্মি করে আইএস জঙ্গিরা দুইশ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় তাদের হত্যার হুমকি দিয়েছে। ভিডিওটি মঙ্গলবার প্রকাশ করা হলেও কবে এটি ধারণ করা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।