তিন দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে পৌঁছেছেন। স্থানীয় সময় রবিবার সকাল ১০টায় তিনি দিল্লি পৌঁছেছেন। তার সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামাও রয়েছেন। খবর: বিবিসির।
প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে এসময় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার এ সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওবামা নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু, পরিবর্তন, পারমাণবিক শক্তি এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে।
সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে।
ওবামার তাজমহল দর্শনকে কেন্দ্র করে আগ্রায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাজমহল দর্শন কর্মসূচি বাতিল করা হয়েছে।