ঈশ্বরদী জংশন স্টেশনের রেলইয়ার্ড লাইনে ত্রুটির কারণে রবিবার ঈশ্বরদী জংশন স্টেশনে খুলনাগামী চালবাহী একটি মালট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে দীর্ঘ ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
ঈশ্বরদী স্টেশন সূত্র জানায়, খুলনা যাওয়ার সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হঠাৎ করে ঈশ্বরদী জংশন ইয়ার্ডের দক্ষিণপ্রান্তে মালবাহী ট্রেনটি ৪টি বগি ক্রস ওভার বডিতে (এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার অংশ) ধাক্কা লাগলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে পড়ে যায়। ফলে লাইনের ৪০ ফুট রেল ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি পয়েন্ট ভেঙ্গে যায়। এ ঘটনায় দুপুর ১টা থেকে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈশ্বরদী লোকো থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল ৪টায় উদ্ধার কাজ শুরু করে।
এ ব্যাপারে ঈশ্বরদী স্টেশনের সুপারেন্টেডেন্ট মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাইনের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।