ফাইনাল খেলতে জয়ের বিকল্প নেই ভারতের

 
 
টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এক ম্যাচ জিতে ফাইনালে খেলার আশা ধরে রেখেছে ইংল্যান্ড। অন্যদিকে জয়হীন ভারত পড়ে গিয়েছে কঠিন পরীক্ষার মুখে। তাই ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে টিম ইন্ডিয়া। সিডনিতে বাংলাদেশ সময় সকাল নয়টা ২০ মিনিটে শুরু হবে খেলাটি।
টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট-বল হাতে নৈপুণ্যের ঝলকই দেখিয়েছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। তাই টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালেও উঠে যায় অসিরা। এ জন্য বেশ নির্ভার তারা। আর এক ম্যাচ জিতে কিছুটা হলেও কম চিন্তার মধ্যে আছে ইংল্যান্ড। তবে চিন্তার ভাঁজটা কপালে বড় আকারই ধারণ করেছে ভারতের। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো জয়ের দেখাই পায়নি টিম ইন্ডিয়া।
লিগের প্রথম পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জমজমাট লড়াই করলেও ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের ঢেঁকুর তুলে ভারত। ফলে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে কোহলি-ধোনিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে জিতলে ফাইনালের খেলার আশা ভালোভাবেই উজ্জ্বল হবে তাদের। সে ক্ষেত্রে পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই চলবে। আর যদি অসিদের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে লিগে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে খেলতে নামার আগে ক্যালকুলেটর নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে তাদের। কারন ওই ম্যাচে বোনাস পয়েন্টসহ জিততে তো হবেই, সাথে রান রেটের হিসেবে ইংল্যান্ডকে টপকাতেও হবে।
এমন হিসেব ভালোই জানা আছে টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনির, ‘ফাইনালের খেলার আশা এখনো রয়েছে আমাদের। তবে শেষ দুটি ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চাপটা কমই থাকবে। তাই এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ন আমাদের জন্য।’
 
ভারতের মতো হিসাব-নিকাশ নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া। দলের খেলোয়াড়দের নিয়েই ভাবছে তারা। ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় রিজার্ভ বেঞ্চটা ভালোভাবে পরখ করতে চাইছে অসিরা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক জর্জ বেইলি। এছাড়াও দলে ফিরে আসছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও জাভিয়ার ডোহার্টি। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বেইলি বলেন, ‘বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাসটা ভালোভাবেই বাড়িয়ে নিতে পেরেছি আমরা। ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় বেশ কিছু খেলোয়াড়কে দেখে নেয়ারও সুযোগ তৈরি হয়েছে।’
ভারত একাদশ (সম্ভাব্য) : আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি/ রবীন্দ্রন অশ্চিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি/উমেশ যাবদ/ ইশান্ত শর্মা।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য) : এ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি (অধিনায়ক), স্টিভেন সিম্থ, গ্লেন ম্যাকওয়ের, মিচেল মার্শ, ব্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিশেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও জাভিয়ার ডোহার্টি। খবর বাসসের।