সমাধানের উপায় বের করতে তাগিদ সম্পাদকদের


সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সম্পাদকেরা ঐক্যমত পোষণ করেছেন। প্রশাসনিকভাবে এ সন্ত্রাস দমনের পাশাপাশি এর একটি রাজনৈতিক সমাধানের উপায় বের করতে সরকারকে তাগিদ দিয়েছেন।  দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের সাথে সরকারের কয়েকজন মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পাদকরা এ মন্তব্য করেন।
রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। তবে এই বৈঠক সম্পর্কে সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সকলে শান্তির সপক্ষে একমত হয়েছি। সবাই শান্তি চাই, অশান্তি চাই না। দেশে যে বিশৃঙ্খলা চলছে আমরা সবাই এটার বিরুদ্ধে।’ ‘আমরা সবাই মনে করি এর রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সম্পাদকরা সমাধানের প্রস্তাব করেছেন। আমরা মনে করি, দেশ এভাবে চলতে পারে না, সমাধান হতেই হবে। মানুষ কতকাল এভাবে অসহায়ের মধ্যে থাকবে।
বৈঠকের পর মন্ত্রীদের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা সম্পাদকের দায়িত্ব পালন করছেন সকলের মূল্যবান চিন্তা-ভাবনা পরামর্শ পেয়েছি। আমরা সকলে দেশের শান্তি চাই। আমরা মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এই দেশ পেয়েছি, এই দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক- এটা সকলের কামনা। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই, কোনো মত নেই, দল নেই। সকলে এ ব্যাপারে আলোচনা করেছি। বর্তমানে যে পরিস্থিতি তা স্বাভাবিক হোক, সুন্দরভাবে দেশ চলুক ইত্যাদি আলোচনা করেছি।’
সম্পাদক গোলাম সারওয়ারের আলোচনার প্রস্তাবের প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, ‘এটা ঠিক, এগুলোর একটা পরিবেশ থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সন্ত্রাসের কথা অনেকে বলেছেন, নাশকতার বিষয়ে কথা বলেছেন, আমরা এ বিষয়ে আলোচনা করেছি।’ ‘সব চেয়ে বড় কথা, এটা আমাদের সকলের দেশ, সকলের প্রিয় মার্তৃভূমি, এই প্রিয় মাতৃভূমিতে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে দেশটাকে ভাল রাখবো, ভাল থাকুক এটা আমাদের কামনা।’
তথ্যমন্ত্রী মাঝে মধ্যে সম্পাদকদের সঙ্গে বসবেন বলেও জানান তোফায়েল আহমেদ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সস্পাদক মাহফুজ আনাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আলোকিত বাংলাদেশ সম্পাদক কাজী রফিকুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
 এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।