শ্রীপুরে জাল টাকাসহ আটক ২

 
 
এক সাথে ৩০ লাখ টাকা দিলেই সাথে সাথে তাকে দেয়া হবে নগদ ৬০ লাখ টাকা মূল্যমানের জাল টাকা। এ ভুয়া টাকার লোভের ফাঁদে পড়ে প্রতারক চক্রের হোতা মাগুরার শ্রীপুর উপজেলার বরালীদাহ গ্রামের মোস্তফার পুত্র শাওন (২৫) এর সাথে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকার ইন্তাজ শেখের পুত্র ইমরান (৩০) নামের অপর এক যুবক নগদ ২৯ লাখ আসল টাকা ও  ৬০ লাখ নকল জাল টাকাসহ পুলিশের নিকট আটক হয়েছে ।
 
পুলিশ, স্থানীয় লোকজন ও আটককৃতদের মাধ্যমে জানা যায়, উপজেলার বরালীদাহ গ্রামের শাওনের সাথে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার বিকাশ প্রতিনিধি ইমরানের সাথে ৩০ লাখ আসল টাকার বিনিময়ে ৬০ লাখ জাল টাকা দেওয়ার চুক্তি হয়। চুক্তি মোতাবেক রবিবার দুপুরে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজার এলাকায় প্রতারক চক্রের হোতা শাওন ৩০ লাখ আসল টাকার বিনিময়ে বিকাশ প্রতিনিধি ইমরানকে ৬০ লাখ মূল্যমানের জাল টাকার ব্যাগ বুঝে দিয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। এর পরপরই ইমরান ব্যাগ খুলে দেখতে পায় যে, প্রতিটি জাল টাকার বান্ডিলের প্রথম ৫’শত টাকার নোটগুলি সঠিক আর বাদ বাকী সবগুলি মোটা সাদা কাগজ সাইজ করে কেটে বান্ডিল তৈরি করা হয়েছে। এ অবস্থায় দেখতে পেয়ে ইমরান তৎক্ষণাৎ শাওনকে ধাওয়া করে। ইমরানের ধাওয়া খেয়ে শাওন পালানোর সময় শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকায় স্থানীয় লোকজন ও কমিউনিটি পুলিশিংয়ের নিকট ২৯ লাখ আসল টাকা ও ইমরান নকল ৬০ লাখ জাল টাকাসহ আটক হয় । সংবাদ পেয়ে নাকোল ক্যাম্পের ইন-চার্জ এস,আই মো. তৈয়েবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের দু’জনকে আসল ২৯ লাখ ও নকল ৬০ লাখ জাল টাকাসহ আটক করতে সক্ষম হন। এরপর মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান  ও সহকারী পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন-পূর্বক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।