বিফলে মিসবাহর সেঞ্চুরি

 
 
অধিনায়ক মিসবাহ-উল-হকের সেঞ্চুরিতে ৩১৩ রান তুলেও পাকিস্তান বিশ্বকাপের জন্য নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড সফরে প্রেসিডেন্ট একাদশের কাছে ছয় উইকেটে হেরেছে।
 
নিউজিল্যান্ডের লিনকনে অনুষ্ঠিত খেলায় পাকিস্তানকে হারাতে অবদান রাখে স্বাগতিক একাদশের দুই শতক হাঁকানো ব্যাটসম্যান হেনরি নিকোলস এবং টিম সেফার্ট। ক্যান্টারবারির নিকোলস ১১৩ বলে ১০৪ রান করেন। নর্দান ডিস্ট্রিক্টের ব্যাটসম্যান সেইফার্ট ৮৯ বলে ১১৫ রান করেন। তাদের দুই শতকে চার বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দলটি।
 
এর আগে টস জিসে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের তিন বল আগেই সবক’টি উইকেট হারিয়ে ৩১৩ রান করে পাকিস্তান। ১১৯ বলে ১০৭ রান করেন অধিনায়ক মিসবাহ। তার ইনিংসটিতে ছিল ১০টি চার এবং একটি ছক্কার মার। অন্যদের মধ্যে ৫৯ বলে ৬৮ রান করেন উমর আকমল। ওয়াহাব রিয়াজ ৩০ ও সরফরাজ আহমেদ ১৯ রান করেন। মঙ্গলবার একই দলের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর বিশ্বকাপের আগে তারা নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে একটি দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।