রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকে পেট্রোল বোমার সাহায্যে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। রবিবার রাত সোয়া ৮টার দিকের এই ঘটনায় ট্রাকের চালক ষষ্ঠি (৪৫) দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা জানান, রাতে খালি ট্রাক নিয়ে চারঘাট বাজার থেকে বানেশ্বরের দিকে যাবার পথে পল্লীবিদ্যুত্ পার হওয়ার পর হেমন্তের মোড়ে আগে থেকে ওত্ পেতে থাকা অবরোধীকারীরা ট্রাকটিতে পেট্রোল বোমার সাহায্যে আগুন দেয়। এ ঘটনায় মুহুর্তে আগুন ট্রাকের সামনে অংশে ছড়িয়ে পড়লে চালক ষষ্ঠি দগ্ধ হন। চালক ষষ্ঠির বাড়ি পুঠিয়া বাজারে। চারঘাট থেকে খালি ট্রাক নিয়ে তিনি পুঠিয়ায় যাচ্ছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।