দেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। জাতীয় পার্টির সহদফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার সন্ধ্যায় এরশাদের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হয়। সন্ধ্যা পৌনে সাতটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের হাতে চিঠিটি দেন আবুল হাসান আহমেদ জুয়েল।
এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এরশাদের চিঠিটি দেন আবুল হাসান।