'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথোপযুক্ত সৌজন্যতা না দেখানোটা সঠিক হয়নি'-বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী শোক জানাতে এসেছিলেন। উনার প্রতি সৌজন্যতা না দেখানো সঠিক হয়নি। তবে প্রধানমন্ত্রী আসছেন তা বেগম খালেদা জিয়া অজ্ঞাত ছিলেন। তিনি সে সময় প্রায় অজ্ঞানের মতো ছিলেন। আমরা কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। বেগম জিয়ার দরজা বন্ধ থাকায় প্রধানমন্ত্রী আসার খবরও তাকে জানানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, 'শনিবার গুলশান কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দসহ আমরা কেউই জানতাম না যে,মূল গেটে তালা লাগানো ছিল। সিনিয়র নেতৃবৃন্দের মতামতের বাইরে মূল গেটে আগে থেকেই তালা ছিল। আমাদের অনেকেরই তা জানা ছিল না।'
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের রবিবার রাত ৮টার পর উপস্থিত সাংবাদিকদের এই কথা বলেন মওদুদ আহমদ।
অবরোধ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। একই সঙ্গে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা ও দাফনের মধ্যেও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
মওদুদ আহমদ এ সময় বিএনপি চেয়ারপারসনকে সমবেদনা জানাতে আসা বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।