কুমিল্লার লাকসামে চালককে কুপিয়ে আহত করে একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৩৬ ঘন্টার হরতাল চলাকালে গতকাল রবিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কের মিশ্রী নামক স্থানে এ ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে অর্ধডজন বাস-ট্রাকে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা থেকে লক্ষ্মীপুর হয়ে ফরিদগঞ্জ যাওয়ার পথে কাভার্ডভ্যানটির গতিরোধ করে অজ্ঞাতনামা ৮/১০ জন দুর্বৃত্ত। পরে চালক নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে তারা গাড়িটিতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দেড় কোটি টাকার মালামালসহ কাভার্ডভ্যানটি ভস্মীভূত হয়। এ সময় দুর্বৃত্তরা ২টি সিএনজি অটোরিকশাও ভাংচুর করে। চাঁদপুর জেলার বিভিন্ন ব্যবসায়ীর মালামাল নিয়ে গাড়িটি ঢাকার আরমানিটোলা হতে ফরিদগঞ্জ যাচ্ছিল বলে জানিয়েছেন কাভার্ডভ্যানটির মালিক-প্রতিষ্ঠান জয় ট্রান্সপোর্টের ম্যানেজার মো. ফারুক। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল ভোর ৪টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ঢেলে টিআর ট্রাভেলসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ওই বাসের মধ্যে ঘুমিয়ে থাকা শাহিন হোসেন নামে এক হেলপার ভাগ্যক্রমে বেঁচে যান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পাশে থাকা আরো দুটি বাসের আংশিক ক্ষতি হয়েছে।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, গতকাল ভোরে উপজেলার জগন্নাথপুর শাহজাহান ব্রীজের কাছে রংপুরগামী মালবাহী (ঢাকা মেট্রো ট ১১-৬৯৯৪ ও ১১-৮৯৩১) দুইটি ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাক দুটির সামনের কিছু অংশ পুড়ে যায়। এদিকে দুপুরে মাদারগঞ্জ এলাকায় গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফসহ ৪ জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলার হায়দারপুল এলাকায় গতকাল সকালে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-১১-৬১৯৯) আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। এতে গাড়িটির সামনের অংশের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
নাটোর প্রতিনিধি জানান, শনিবার রাতে পেঁয়াজ নিয়ে ঈশ্বরদী থেকে বগুড়া যাওয়ার পথে সদর উপজেলার গাজীর বিল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকচালক নজরুল ইসলাম, হেলপার জাহাঙ্গীর আলম ও পেঁয়াজ ব্যবসায়ী শাহীন আলম সামান্য আহত হন।
বরিশাল অফিস জানায়, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে শনিবার রাত ১০ টার দিকে শ্রমিক পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, রংপুর থেকে তামাক নিয়ে শেরপুর যাবার পথে শনিবার রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।
কুমিল্লা প্রতিনিধি জানান, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফেনী প্রতিনিধি জানান, গতকাল দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ৭টি পেট্রোল বোমা ও ১টি ককটেলসহ বোমা আজিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল রাতে সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আসাদুল হক বিশ্বাসের আলুকদিয়া বাজারের পেট্রোল পাম্পে উপর্যুপুরি বোমা হামলা হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।